ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২
কর্ণফুলী নদীর চরপাথরঘাটা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন মারা গেছেন এবং দুইজন নিখোঁজ হয়েছেন। একটি বড় জাহাজের ধাক্কায় মা শহরবানু নামের ট্রলারটি ডুবে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. হোসেন।
নিখোঁজ মাঝিমাল্লারা হলের ইউনুস ও বাবুল। তাঁরা দুজনই ট্রলারের মাঝি। ট্রলারে মোট ১১ জন মাঝিমাল্লা ছিলেন। অন্যদের আশপাশের নৌকা উদ্ধার করেছে।
ট্রলারের মালিক মো. জয়নাল আবেদিন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চরপাথরঘাটা বরফকলের কাছে ট্রলারটি দাঁড়ানো ছিল। এ সময় একটি তেলবাহী জাহাজ এসে এফবি মা শহরবানু নামের ট্রলারটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সেটি ডুবে যায়। মাঝিমাল্লারা কূলে উঠলেও দুইজন নিখোঁজ হন। পরে মো. হোসেনের লাশ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গেছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, বড় জাহাজের ধাক্কায় কাঠের ট্রলারটি নিখোঁজ হয়। দুইজনকে উদ্ধারে অভিযান চলছে।
ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।