
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার ঝড়ের সময় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলার ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নরসিংদীর মাধবদীতে দেয়াল চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝড়ে বিদ্যালয়ের চাল পড়ে কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: ফতুল্লা মডেল থানার বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির এসআই আবদুর রাজ্জাক বলেন, প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন, বেলা দুইটার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় কুমিল্লার দাউদকান্দি থেকে মাটি নিয়ে বুড়িগঙ্গার বক্তাবলীর এক ইটভাটায় যাচ্ছিল একটি ট্রলার। ধলেশ্বরী নদীর সদর উপজেলার গোপচর এলাকায় মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৫-২০ জন শ্রমিক ছিলেন। তাঁদের বেশির ভাগ সাঁতরে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ হন। সন্ধ্যার পর থেকে ওই ছয়জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শ্রমিকেরা হলেন তালেব (৩০), নেজার (৩৫), শাহীন (২৫) ও সুজন (২৬), সুজক (২৮) ও তাঁর ভাই শফিকুল (২২)।
নরসিংদী: মাধবদীতে নিহত দুই শিশু হলো মাধবদী পৌর এলাকার নওপাড়া মহল্লার আবদুল হালিমের মেয়ে চুমকি আক্তার (৪) ও বীথি আক্তার (৬)। আবদুল হালিম রিকশাচালক। নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে হঠাৎ ঝড় শুরু হলে হালিম মিয়ার একটি টিনশেড ঘরের চাল ও দেয়াল ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা চুমকি ও বীথি দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাকাব্বীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানের কাজীশাল হাজীগাঁও হুমায়ুন মোল্লা উচ্চবিদ্যালয়ের চাল পড়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কয়েকজনকে নিমতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন বলেন, বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়। তখন বিদ্যালয়ের টিনশেড ঘরের কয়েকটি কক্ষে দশম ও অন্যান্য শ্রেণির ক্লাস চলছিল। একপর্যায়ে ঘরের চাল ভেঙে পড়ে। চালের নিচে পড়ে কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়। এরপর ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা দ্রুত পাশের ভবনে গিয়ে আশ্রয় নেন। স্থানীয় সূত্রগুলো জানায়, ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে এবং তার ছিঁড়ে উপজেলার কেয়াইন, বাসাইল, বালুচর ও রসুনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।