ট্রলারডুবি চার দিন পর তিন যাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ আজ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর লাশ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ।

আজ সকালে ঝালকাঠি শহরের খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদী থেকে আলম জমাদ্দার (৩৫) ও আবদুর রাজ্জাক মল্লিকের (৩২) লাশ এবং রাজাপুর উপজেলার মানকি সুন্দর চর এলাকার বিষখালী নদী থেকে তসলিম হাওলাদারের (৫০) লাশ উদ্ধার করা হয়।

গত শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা থেকে খুলনাগামী স্টিমার এমভি মধুমতীর ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম ও রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ঝালকাঠি শহরের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকায় ট্রলারটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতী। স্টিমারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির চালক হেলাল ব্যাপারী ও সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ হন।