ট্রলারডুবিতে নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওরস থেকে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঝড়ের কবলে পড়ে উপজেলার কলমা ইউনিয়নের মাসকান্দি নদীতে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিরা হলেন একই জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৩৫), সোহেল মিয়া (৩০) ও রজব আলী (৪৫)।

তীরে উঠে আসা যাত্রীদের মধ্যে কয়েকজন জানান, ট্রলারটিতে নয়জন পুরুষ যাত্রী ছিলেন। ওরসে যোগ দিতে গতকাল সোমবার মিঠামইনের খলাপাড়া গ্রাম থেকে তাঁরা একটি ট্রলার ভাড়া করে অষ্টগ্রামে যান। ভোর চারটার দিকে ট্রলারটি খলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছুক্ষণ পর ঝোড়ো বাতাস বইতে শুরু করে। ভোর চারটার পর ঝড়ের গতি বাড়ে। সাড়ে চারটার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয় যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

তীরে ওঠা যাত্রীদের মধ্যে তোফাজ্জল হোসেন (৪০), তৌফিক মিয়া (৩৮) ও সেন্টু মিয়া জানান, ঝড়ের গতি বাড়লে ট্রলারটি দুলতে থাকে। একপর্যায়ে এটি ডুবে যায়।

অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন ও মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ট্রলারডুবির কথা শুনেছেন বলে জানান।