ট্রলারডুবিতে নিখোঁজ ৮১ যাত্রীর হদিস নেই লাশ উদ্ধার
সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার সময় কক্সবাজারের টেকনাফ সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ এক ব্যক্তির লাশ গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা শাহপরীর দ্বীপের ঘোলারচর সমুদ্রে ভাসমান অবস্থায় লাশটির সন্ধান পান। নিখোঁজ আরও ৮১ যাত্রীর হদিস পাওয়া যাচ্ছে না।কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার মো. বদরোদ্দোজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সাগরে নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি।গত বুধবার ভোররাত তিনটার দিকে টেকনাফ সমুদ্র উপকূলের সাতবাইন নামক স্থানে ১১০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই দিন বুধবার দুপুরে নৌবাহিনী ও বিজিবি সাগরে তল্লাশি চালিয়ে ২৩ যাত্রীকে উদ্ধার করে। অন্যদিকে সাঁতার কেটে উপকূলে ভেসে আসেন আরও পাঁচ যাত্রী। বাকি ৮২ যাত্রী নিখোঁজ হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম বলেন, ‘সাবরাং উপকূলে সন্ধ্যায় আরেকটি লাশ ভেসে আসে বলে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’ দালাল চক্রের সদস্য মো. জয়নালকে গতকাল বিকেলে শাহপরীর দ্বীপ থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে।