ট্রলারডুবিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে সভা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপাড়া হাওরে ঝোড়ো বাতাসের কবলে পড়ে গত ২০১০ সালের ৮ জুন ট্রলারডুবিতে ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের তিনজন ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী ছিল।
নিহত শিক্ষার্থীদের স্মরণে গতকাল রোববার সকালে দুটি বিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক শোকসভা ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বাদশাগঞ্জ বাজারে স্থানীয় দুটি মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল হয়। বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল প্রাঙ্গণে শোকসভায় প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আলাল উদ্দিন ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান। একই সময়ে বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শোকসভায় প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী শিক্ষক আবদুস সালাম চৌধুরী ও রফিকুল ইসলাম। এ ছাড়া গ্রামবাসীর উদ্যোগে বালিজুড়ী জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল হয়।
বজলুর রহমান ও নজরুল ইসলাম বলেন, ‘এ শোক আমরা কখনো ভুলব না।’