ট্রলারভর্তি ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্র থেকে ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন কক্সবাজারের জেলেরা। দীর্ঘ তিন মাস পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় উপকূলের জেলেপল্লিতে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস।
গত রোববার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, ৪০টির বেশি ট্রলার থেকে প্রায় এক লাখ ইলিশ বিক্রি করা হয়েছে। ব্যবসায়ীরা এসব মাছ ট্রাকে বোঝাই করে চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী ওমর কাজী বলেন, পাঁচ দিন ধরে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। প্রতিটি ট্রলার এক হাজার থেকে সাত হাজার ইলিশ ধরে ঘাটে ফিরছে। প্রতিটি ইলিশ (ওজন ৫০০-৮০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১৬০-১৯০ টাকায়। খুচরা বাজারে এই ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৩০০-৩৫০ টাকায়। আবার শহরের হাটবাজারে এই ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।
এফবি শাহজাহান ট্রলারের জেলে আমিন উল্লাহ বলেন, সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে বেশি ইলিশ ধরা পড়ছে। ওই এলাকায় কমপক্ষে চার হাজার ট্রলার এখন ইলিশ ধরছে।
গতকাল আমিন উল্লার ট্রলারের তিন হাজার ৭০০ ইলিশ বিক্রি করা হয়েছে সাত লাখ তিন হাজার টাকায়। নুনিয়াছটার এফবি কাউসার ট্রলারের জেলেরা ইলিশ বিক্রি করে পেয়েছেন আট লাখ ২২ হাজার টাকা।
এফবি ফাতেমা ট্রলারের জেলে আবদুল মাজেদ বলেন, দীর্ঘ তিন মাস পর তাঁরা সাগরে ইলিশের সন্ধান পেয়েছেন। প্রতিটি ট্রলারে ইলিশ ধরা পড়ায় জেলেপরিবারের সদস্যরা খুবই খুশি। আগামী অক্টোবর মাস পর্যন্ত সাগরে ইলিশ ধরা পড়বে বলে তাঁরা আশা করছেন।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামের ট্রলারের মালিক নাছির উদ্দিন বলেন, সাগরে জলদস্যুদের উৎপাত আর বৈরী আবহাওয়া না থাকলে ইলিশ আহরণ অব্যাহত থাকবে। এতে অন্তত এক লাখ মৎস্যজীবী লাভবান হবেন।
কক্সবাজার জেলা মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, গত পাঁচ দিনে ব্যবসায়ীরা এই ঘাট দিয়ে অন্তত পাঁচ লাখ ইলিশ ঢাকা, চট্টগ্রাম, ফেনী, যশোর, পাবনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার ছয় হাজার ট্রলার এখন সাগরে ইলিশ ধরছে। এসব ট্রলারে মৎস্যজীবী রয়েছেন প্রায় এক লাখ ২০ হাজার।