ট্রলারসহ তিন জেলে অপহরণ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের গাবতলী এলাকার মেঘনা নদী থেকে একদল জলদস্যু গতকাল মঙ্গলবার সকালে একটি মাছ ধরার ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করেছে।জলদস্যুরা অপহূত ট্রলার এবং প্রত্যেক জেলেকে ছেড়ে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে। অপহূত জেলেরা হচ্ছেন লক্ষ্মীপুর সদরের সাবেরচর এলাকার আবুল খায়ের, সাইজুদ্দিন ও সাত্তার কাজী। নাম প্রকাশ না করে অপহূত জেলেদের আড়তদারদের একটি সূত্র জানায়, চর আলগী ইউনিয়নের দক্ষিণ চর আলগী এলাকার মাহফুজুল হকের পোষ্যপুত্র নোমান, আবদুল মালেকের ছেলে আবদুল ওয়াহেদ ও চর রমিজ ইউনিয়নের চর গোসাই এলাকার মো. মানিকের ছেলে মো. নয়নের নিয়ন্ত্রণাধীন জলদস্যুরা সকালে বয়ারচরের টাংকি বাজার এলাকার আব্বাস মাঝির একটি মাছ ধরার ট্রলার নিয়ে যায়। ওই সময় জলদস্যুরা রামগতি মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. হুমায়ুনের আড়তের জেলে সাত্তার কাজী, সাইফুল মোল্লার আড়তের জেলে আবুল খায়ের এবং মো. পাশার আড়তের জেলে সাইজুদ্দিনকে তাঁদের ট্রলার থেকে অপহরণ করে নিয়ে যায়।