ট্রলারসহ তিন জেলেকে অপহরণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোনারচরের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারসহ তিনজন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সোনারচরের কাছাকাছি এলাকায় মাছ ধরা শেষে এফবি বরুজান বিবি নামে একটি ট্রলার বৃহস্পতিবার সকালে জলদস্যুদের হামলার শিকার হয়। ট্রলারটি বরগুনার আমতলী উপজেলার ফকিরহাটে ফিরছিল। জলদস্যুরা ট্রলারের ১২ জন জেলের মধ্যে নয়জনকে অস্ত্রের মুখে সোনারচরে নামিয়ে দেয়। পরে ওই ট্রলারের জেলে মো. জাফর, মো. ইয়ামিন ও মো. খলিলকে নিয়ে ভোলার দিকে চলে যায়। অপহূতদের বাড়ি আমতলী উপজেলার ফকিরহাটের চামুপাড়া গ্রামে।ট্রলারের মালিক রিপন ফকির জানান, ট্রলারে প্রায় আড়াই লাখ টাকার জাল এবং তিন লাখ টাকার মাছ রয়েছে।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম গতকাল শুক্রবার দুপুরে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ট্রলারসহ জেলেদের অপহরণের কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’