ট্রলারসহ মালয়েশিয়াগামী ৬৬ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারবোঝাই ৬৬ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড৷ গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে এক অভিযানে তাঁদের আটক করা হয়৷
এদিকে, অভিযানকালে কোস্টগার্ড সদস্য ও পাচারকারীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় কোস্টগার্ডের পেটি অফিসার মো. হাসানসহ চারজন আহত হয়েছেন৷ পাচারকারীদের ছোড়া িতর (সিসার গোলা) হাসানের শরীরে বিদ্ধ হয়৷ তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
গুলিবিনিময়ে আহত তিনজন হলেন মিয়ানমারের নাগরিক টো উ, মাই মে ও ছে অং৷ তাঁরা সবাই পাচারকারী৷ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়৷
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী হারুনুর রশিদ বলেন, কয়েকজন স্থানীয় দালাল মাথাপিছু ২০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে পাচারকারীদের সহায়তায় ওই যাত্রীদের দুটি কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাচার করছিলেন৷ পাচারকারীদের কাছে সিসার অসংখ্য গোলা ছিল৷
আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফের সাবরাং গ্রামের চার দালালও রয়েছেন৷ তাঁরা হলেন সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকার আবদুল মানিকের ছেলে জাবেদ হোসেন, মো. কাছিমের ছেলে গুরা মিয়া, আবদুল মালেকের ছেলে মো. আনোয়ার ও কোয়াইনছড়ি পাড়ার আবদুর রহিমের ছেলে মো. শাহীন৷ আটক অপর ৬২ জনের মধ্যে ১০ জন মিয়ানমারের নাগরিক৷ অন্যরা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, যশোর, পাবনা, কুমিল্লা ও সুনামগঞ্জের বাসিন্দা৷
কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা কাজী হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল সেন্ট মার্টিনের পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাগরে যাত্রীবোঝাই ওই দুটি ট্রলার দেখতে পায়৷ স্পিডবোট নিয়ে কাছাকাছি গেলে ট্রলার দুটি মিয়ানমার সীমান্তের দিকে পালাতে থাকে৷ তখন কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দিলে পাচারকারীরা এলোপাতাড়ি সিসার গোলা নিক্ষেপ শুরু করেন৷ আত্মরক্ষার্থে কোস্টগার্ডও আটটি গুলি চালায়৷ পরে ট্রলারসহ যাত্রীদের আটক করা হয়৷ স্পিডবোটযোগে হাসপাতালে পাঠানো হয় গুলিবিদ্ধ চারজনকে৷