ট্রলারসহ সুন্দরী কাঠ আটক
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে একটি ট্রলারসহ প্রায় দেড় শ ঘনফুট সুন্দরী কাঠ আটক করেছে। গত বুধবার সকালে সুপতি স্টেশনের আর কোদালিয়া নামক এলাকার বনে স্তূপ করা এবং ট্রলার বোঝাই এ কাঠ আটক করা হয়। রেঞ্জ সূত্র জানায়, একটি কাঠ পাচারকারী চক্র বনে ঢুকে সুন্দরীগাছ কাটছে, এমন সংবাদের ভিত্তিতে তারা গত মঙ্গলবার রাতে বগী ও সুপতি স্টেশনের বনরক্ষীদের নিয়ে ওই এলাকায় অবস্থান নেয়। বুধবার সকাল সাতটার দিকে আর কোদালিয়া খালে অভিযান চালিয়ে প্রথমে ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলারে কাঠ বোঝাই কাজে ব্যস্ত ১২-১৪ জন পাচারকারী বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বনে পালিয়ে যায়। পরে বনের বিভিন্ন স্থানে কেটে স্তূপ করে রাখা সুন্দরী কাঠ, দুটি করাত ও একটি কুড়াল জব্দ করা হয়।শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমরা আগে থেকেই চোরদের নজরদারিতে রেখেছিলাম।’