ট্রলারসহ ১৫ জেলে অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ইলিশভর্তি একটি ট্রলারসহ ১৫ জন জেলেকে অপহরণের চার দিন পর গত রোববার ট্রলার ও জেলেদের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেছে জলদস্যুরা।ট্রলারের মালিক পটুয়াখালীর কলাপাড়ার নাসির উদ্দিন জানান, সাগর থেকে ইলিশ ধরে ট্রলারে ভর্তি করে গত বৃহস্পতিবার মহীপুর মৎস্যবন্দরে ফেরার পথে দুবলার চর ও কচিখালীর মাঝামাঝি এলাকায় সাগরে জলদস্যুরা তাঁর ইলিশভর্তি ট্রলার ও ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। গত রোববার রাতে মুঠোফোনে জলদস্যুরা ট্রলার ও জেলেদের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে।মহীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুল বলেন, ‘একটি ট্রলার অপহরণ করার খবর শুনেছি।’এদিকে ফেনীর সোনাগাজী উপজেলার বঙ্গোপসাগর উপকূলে গত রোববার জলদস্যুরা মাছ, জালসহ তিনটি ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে। এ সময় জলদস্যুদের হামলায় অন্তত ১০ জন জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, জলদস্যুরা ট্রলারের মাঝি ও জেলেদের মারধর করে কয়েকজনকে নদীতে ফেলে দেয় এবং অন্যদের ট্রলার থেকে নামিয়ে দেয়। রাতে ফিরে এসে ট্রলারের মাঝি সেন্টু মিয়া সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ছাড়া হাসেম ও রিপনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ট্রলারের মাঝি সেন্টু মিয়া জানান, জলদস্যুরা তাঁদের তিনটি ট্রলার, মাছ, জালসহ মোট ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এখন তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক জেলে থানায় অভিযোগ করেছেন। ছিনতাই হওয়া ট্রলারগুলো উদ্ধারের চেষ্টা চলছে।