ট্রলারে ঠেলে চলে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার কশবাপয়গ্রাম ভাটপাড়া ঘাটের ফেরিটির ইঞ্জিন তিন মাস ধরে বিকল। এ অবস্থায় ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) দিয়ে ঠেলে চালানো হচ্ছে ফেরিটি। এতে এ ফেরি দিয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার, ইজিবাইকসহ এলাকার হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এলাকাবাসী জানান, ভাটপাড়া ঘাটের এই ফেরি দিয়ে সহজে ফুলতলা থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হয়ে নড়াইল ও গোপালগঞ্জে যাতায়াত করা যায়। পুরোনো হয়ে যাওয়ায় ফেরিটি প্রায়ই বিকল হয়ে যায়। সর্বশেষ এ বছরের সেপ্টেম্বরে এটি বিকল হয়ে যায়। এরপর থেকে ফেরিটিকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ঠেলে নদী পারাপার করা হচ্ছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, পন্টুনে দাঁড়িয়ে কয়েকজন ফেরিটিকে ধাক্কা দিয়ে লাফ দিয়ে ফেরিতে উঠে পড়লেন। ফেরিটি একটু সামনের দিকে এগোনের পর ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা হয় ফেরির পেছনে। তারপর সেই নৌকায় ঠেলে ফেরিটিকে এপার থেকে ওপারে নেওয়া হয়।ফেরির চালক সৈয়দ আবু তাহের বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেরিটির ইঞ্জিনে সমস্যা। প্রায়ই ঠিক করা হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান জানান, এটি চালানো নিষেধ। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ট্রলার দিয়ে ধাক্কা দিয়ে চালাতে হচ্ছে। পুরোনো হওয়ায় বাজারে এই ফেরির ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। এ কারণে এটি চালু করা যাচ্ছে না।