সাগরপথে ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় গতকাল বুধবার দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন৷ গুলিবিদ্ধ হয়েছেন ২৩ জন৷ দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন৷
খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের তিনটি জাহাজ ট্রলারটি উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসে৷ ট্রলারটিতে ৩১৮ জন আরোহী ছিলেন৷
নিহত ব্যক্তিরা হলেন: যশোরের এনায়েতপুর উপজেলার হরিরামপুর গ্রামের মো. রশিদের ছেলে মো. সেলিম (৩১) ও মো. মোকামের ছেলে মো. রুবেল (৩৫), বগুড়ার কাহালু উপজেলার সাইফুল ইসলাম (৪০) ও সিরাজগঞ্জের মো. মনির (৩০)। গতকাল রাত আটটা পর্যন্ত নিহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি কোস্টগার্ড৷
ট্রলারের যাত্রী মিঠুন দাশ ও মোছাদ্দেক আলীর বরাত দিয়ে কোস্টগার্ড সূত্র জানায়, গত ২৭ মে তিন দালাল তাঁদেরসহ ৩২ জনকে উখিয়ার ইনানী সৈকতে নিয়ে যান৷ ওই দিন রাতে দালালেরা মাথাপিছু ৩০ হাজার টাকা করে নিয়ে তাঁদের গভীর সমুদ্রে অপেক্ষমাণ থাইল্যান্ডের জাহাজে পাঠানোর কথা বলে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেন। এক দিন পর তাঁদের সাগরে অপেক্ষমাণ আরেকটি ট্রলারে ওঠানো হয়। ওই ট্রলারে আরও যাত্রী ছিলেন। দুই দিন আগে মোট ৩১৮ জনকে নিয়ে মিয়ানমার সীমান্তের কাছে পেঁৗছার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে৷ দুই দিন অভুক্ত থাকায় ক্ষুব্ধ যাত্রীরা ট্রলারে থাকা দালালদের মারধর করেন৷ তখন দালালেরা মুঠোফোনে সন্ত্রাসীদের খবর দেন৷ গতকাল সকাল ১০টার দিকে ছয়টি ট্রলার নিয়ে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের ট্রলারটি ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। পরে সন্ত্রাসীদের ট্রলারগুলো মিয়ানমারের আকিয়াব বন্দরের দিকে চলে যায়।
যাত্রীবাহী ট্রলারে থাকা টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার জিয়াউর রহমান গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে প্রথম আলোর টেকনাফ প্রতিনিধির কাছের ফোন করেন৷ বলেন, ‘ভাই, আমাদের বাঁচান। আমরা ৩১৮ জন মানুষ সাগরে ট্রলারে ভাসতেছি। সন্ত্রাসীরা গুলি করে কয়েকজনকে মেরে ফেলেছে। আমরাও মনে হয় বাঁচব না। আমরা মিয়ানমারের সাগর এলাকায় আছি।’
টেকনাফ প্রতিনিধি কোস্টগার্ড ও নৌবাহিনীকে মুঠোফোনে বিষয়টি জানিয়ে যাত্রীদের মুঠোফোন নম্বর দেন৷ এরপর কোস্টগার্ডের সদস্যরা যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের উদ্ধার তৎপরতা শুরু করেন৷
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশীদ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে৷ সেটি এখন সেন্ট মার্টিনে অবস্থান করছে। ট্রলারে পাঁচটি গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে আরও ২৩ জনকে। এ ছাড়া পিটুনিতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। এঁদের টেকনাফে আনার চেষ্টা চলছে।
হারুনুর রশীদ জানান, ট্রলারের মোট ৩১৮ জন আরোহী ছিলেন৷ এঁদের বেশির ভাগ মেহেরপুর, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, নাটোর ও রবিশালের বাসিন্দা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, মিয়ানমার ও থাইল্যান্ডের সন্ত্রাসী বাহিনীর এলোপাতাড়ি গুলিতে যাত্রীরা হতাহত হয়েছেন। সন্ত্রাসীরা দালালদের পক্ষে যাত্রীদের ওপর গুলি চালায়। সন্ধ্যা সাতটায় যাত্রীদের সেন্ট মার্টিন দ্বীপে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের ইঞ্জিনচািলত নৌকায় করে সেন্ট মার্টিন থেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা চলছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন রাত আটটায় প্রথম আলোকে বলেন, দালালেরা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলেছিল৷ চলতি বছরের প্রথম পাঁচ মাসে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধু টেকনাফ উপকূল থেকে ২১ জন দালালসহ ৫৩১ জন যাত্রীকে উদ্ধার করেছেন।