ট্রলারে বজ্রপাত, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে বংশী নদীতে শ্রমিকদের বহনকারী একটি ট্রলারে বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার উলাইল খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইলের মাজহারুল ইসলামের ছেলে ও মানিকগঞ্জের সিঙ্গাইরের ফোর্ডনগর এলাকার বিউটিফুল জ্যাকেটের শ্রমিক রফিকুল ইসলাম (২৫) এবং বগুড়ার নন্দীগ্রামের আইনুদ্দিনের ছেলে ও ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচারের শ্রমিক আবু হোসেন (২৮)।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শ্রমিকেরা হলেন হুমায়ুন ফরিদ (৪৫), সাইফুল ইসলাম (২৭) ও তাঁর স্ত্রী ভানু আক্তার (২৪), রনি (২১), আবদুর রাজ্জাক (৩৮), আলোমতি (১৮) ও আফরোজা বেগম (৩৫)। আরও তিনজনকে সাভারের অন্যান্য হাসপাতালে নেওয়া হয়।

ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম গতকাল নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক উপস্থিত ছিলেন।

সাভার মডেল থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফোর্ডনগর এলাকায় বংশী নদীর তীরে গড়ে ওঠা আখতার, নাদিয়া ফার্নিচারসহ বিউটিফুল জ্যাকেটে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অধিকাংশই থাকেন সাভারে। প্রতিদিন সকালে ও বিকেলে ট্রলারে করে তাঁদের পারাপার করা হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকদের নিয়ে একটি ট্রলার সাভারের উলাইল খেয়াঘাট থেকে ছাড়ার পরপরই বজ্রপাত হয়। এ সময় ট্রলারের সামনে থাকা বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের সাতজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে ঘটনার পর এলাকায় বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকার কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অনেকে বলেন, বজ্রপাতের কারণে ভয়ে অনেকে নদীতে লাফিয়ে পড়েন। তাঁরা সাঁতরে তীরে উঠতে পারেননি।

মোর্শেদা নামের এক নারী বলেন, তাঁর বোন হুসনেয়ারা নিখোঁজ রয়েছেন। তাঁর মতো আরও অনেকেই স্বজনদের খোঁজ না পাওয়ার কথা জানান।

নৌকার মাঝি মঈনুল বলেন, বজ্রপাতের সঙ্গে সঙ্গে সবাই ট্রলারের ওপর লুটিয়ে পড়েন। কাউকে নদীতে লাফিয়ে পড়তে দেখেননি তিনি।