ট্রলারে সন্ত্রাসীদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে সন্ত্রাসীদের গুলিতে আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গত বুধবার রাতে তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এঁদের মধ্যে গুরুতর আহত ২৯ জনকে পরে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে৷ তাঁরা সবাই বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন৷
এিদকে আহতদের তথ্যের ভিত্তিতে পুলিশ দুই দালালকে গ্রেপ্তার করেছে৷ এঁরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চলপাল গ্রামের প্রকাশ পাল (৪৮) ও কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিরপুল গ্রামের জাহাঙ্গীর আলম (৪৩)। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার সি-হার্ট হোটেল থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়৷
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নরসিংদীর রায়পুর উপজেলার মো. মিজান (৩০) জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় দালাল লিটন তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নেন৷ পরে গত ২৭ মে তাঁকে কক্সবাজারে নিয়ে আসেন। ৩০ মে রাতে মালয়েশিয়ায় যাওয়ার জন্য তাঁকে একটি ছোট নৌকায় তুলে দেওয়া হয়। এরপর সাগরে অপেক্ষমাণ আরেকটি বড় ট্রলারে তাঁকেসহ ১৬ জনকে ওঠানো হয়। ওই ট্রলারে অনেক মানুষকে দেখে তিনি চমকে যান। বুধবার সকালে ট্রলারে সন্ত্রাসীরা হামলা চালায়। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে৷
কোস্টগার্ড সূত্র জানায়, ট্রলারটিতে ৩১৮ জন আরোহী ছিলেন৷ এর মধ্যে গুলিতে পঁাচজন নিহত ও ৬৩ জন আহত হন৷ বাকি ২৫০ জনকে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলারে করে টেকনাফে এনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ওসি বলেন, গত পাঁচ মাসে শুধু টেকনাফ উপকূল থেকে ২১ জন দালালকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু কারাগার থেকে মুক্ত হয়ে তাঁরা আবার আদম পাচারে জড়িয়ে পড়ছেন। তিনি বলেন, চার শতাধিক দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় গত পাঁচ মাসে ১২১টি মামলা করা হয়েছে। কিন্তু কিছুতেই সমুদ্রপথে আদম পাচার বন্ধ করা যাচ্ছে না।