ট্রলারের ইঞ্জিনের পাখার আঘাতে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বালুবাহী ট্রলারের ইঞ্জিনের পাখার আঘাতে দুই শিশু নিহত ও একজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারচালকসহ দুজনকে আটক করা হয়েছে।
নিহত শিশু দুটি হলো উপজেলার সোনারামপুরে মা-বাবা রাইস মিলের শ্রমিক আছম আলীর ছেলে নুরে আলম (১২) ও বেলী রাইস মিলের শ্রমিক হাসেম উদ্দিনের মেয়ে তানিয়া বেগম (৬)। আহত হওয়া অপর শিশুর নাম জোনাকী আক্তার (৭)। সে বেলী রাইস মিলের শ্রমিক নাজির মিয়ার মেয়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ৮-১০টি শিশু সোনারামপুর গ্রামের বেলী রাইস মিলের পাশের খালে গোসল করতে নামে। সে সময় শিশুরা সাঁতার কাটছিল। এ সময় খাল দিয়ে একটি বালুবাহী ট্রলার যাচ্ছিল। একপর্যায়ে ট্রলারটি শিশুদের ওপর দিয়ে চলে যায়। এ সময় ইঞ্জিনের পেছনের পাখার আঘাতে ঘটনাস্থলেই নুরে আলমের মৃত্যু হয় এবং জোনাকী ও তানিয়া আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যায়।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলারসহ চালক বাদল মিয়া (৩৫) ও সহযোগী বকুল মিয়াকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় ট্রলারসহ এর চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।