নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালের ইজারাদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাঈম ইকবালের লোকজনের সঙ্গে ভাটিবন্দর গ্রামবাসীর সমঝোতা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, চার গ্রামবাসীকে গত সোমবার রাতে মুক্তি দিয়েছেন আবু নাঈমের লোকজন। একই সঙ্গে তাঁরা গ্রামের তীর ঘেঁষে আর বালু তুলবেন না ও ক্ষতিগ্রস্ত ট্রলারের ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছেন। এর পরই বালুমহালের লোকজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন। সোমবার সকালে আবু নাঈমের লোকজন তাঁর বালুমহালের সীমানার বাইরে গিয়ে মেঘনা নদীর ভাটিবন্দর গ্রামের পাশ থেকে বালু তোলেন। গ্রামবাসী বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। নিখোঁজ হন চারজন। ওই ঘটনায় রাতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার গণ্যমান্য ব্যক্তি, ইজারাদার আবু নাঈম ও গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসে মীমাংসা করে দেন।
ফেরত আসা কাজল, ইয়াসিন, সোহাগ ও সাগর জানান, গ্রামবাসী দুটি ট্রলারে করে বালু উত্তোলনকারীদের বাধা দিতে গেলে একটিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একটি নদীতে ডুবিয়ে দেন বালু উত্তোলনকারীরা। এ সময় ট্রলারে থাকা অন্য ব্যক্তিরা সাঁতরে তীরে ওঠেন। প্রাণ বাঁচাতে তাঁরা ওঠেন বালু উত্তোলনকারীদের খননযন্ত্রে। এরপর তাঁদের বেঁধে খননযন্ত্রসহ মুন্সিগঞ্জের দিকে পালিয়ে যায়।
আন্দোলনকারীদের একজন জাহানারা জানান, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইজারাকৃত বালুমহাল ছাড়াও মেঘনা নদীর তীর ঘেঁষে গ্রামের কাছ থেকে বালু তুলছে। এ কারণে ইতিমধ্যে মেঘনার তীরবর্তী গ্রাম ভুরবুড়িয়া, খাসের চর, জিয়ানগর, কালির চরসহ বেশ কয়েকটি গ্রাম মেঘনায় বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাটিবন্দর গ্রাম হুমকির মুখে রয়েছে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রামবাসীর সঙ্গে বালু সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার দুই পক্ষকে নিয়ে মীমাংসা করে দিয়েছেন। এ কারণে গ্রামবাসীও তাঁদের লিখিত অভিযোগ প্রত্যাহার করেছেন।