ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, দুই যাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চঘাটের কাছে শীতলক্ষ্যা নদীতে গতকাল রোববার বালুবাহী দুটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী দুটি নৌকা ডুবে গেছে। এতে ওই দুটি নৌকার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। দুজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ট্রলারসহ ছয় শ্রমিককে আটক করেছে।
মৃত যাত্রীরা হলেন বন্দর উপজেলার বাবুপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী শরীফা বেগম (৭২) ও নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার আলী হোসেনের স্ত্রী পারভীন আক্তার (১৯)। নিখোঁজ হওয়া দুই যাত্রী হলেন রিয়াজুল ও বাদল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুটি যাত্রীবাহী নৌকা নারায়ণগঞ্জ খেয়াঘাট থেকে বন্দর খেয়াঘাটে আসছিল। মুন্সিগঞ্জ থেকে কাঁচপুরগামী এমভি সজীব অ্যান্ড তাসনাত ও এমভি বৃষ্টি নামে দুটি ট্রলার পথে নৌকা দুটিকে ধাক্কা দেয়। এতে ৩৫ জন যাত্রীসহ নৌকা দুটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিছু সময় পর স্থানীয় লোকজন শরীফা ও পারভীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁরা মারা যান।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ঘটনার পর থেকেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি ডুবুরি দল নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে। ট্রলারের ছয় শ্রমিক তাঁদের হেফাজতে রয়েছেন।