ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবির ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে বালুবোঝাই একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজ আলমগীর হোসেনের বাড়ি সিরাজগঞ্জের চৌহালীতে। ওই নৌকার বেঁচে যাওয়া আরেক যাত্রী মো. মোল্লা মিয়া (৪০) জানান, তাঁরা টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ইঞ্জিনচালিত নৌকায় বালুবোঝাই করে গাজীপুর যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে বালুবোঝাই একটি ট্রলার (বলগেট) নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় মাঝিসহ ১৫ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠেছেন বলে তিনি জানান।
মোল্লা মিয়া আরও জানান, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর উচ্চবিদ্যালয়ের কাছে বংশাই নদী থেকে হোসেন-৩ নামের খননযন্ত্র দিয়ে ট্রলারটিতে বালুবোঝাই করা হয়। নৌকাটিও বালুবোঝাই ছিল।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন ও মির্জাপুরের দমকল বাহিনীর স্টেশন অফিসার আবদুস সামাদ বলেন, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।