ট্রলারের ধাক্কায় সেতুতে ফাটল, আটক ২
বালুভর্তি একটি ট্রলারের ধাক্কায় গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকার একটি সেতুর পিলারে ফাটলের সৃষ্টি হয়েছে। সেতুটি একদিকে কিছুটা হেলেও পড়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রলারটি জব্দ ও ট্রলারের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার এলাকায় ঘাটাখালী নদীর ওপর কালিয়াকৈর সিনিয়র মাদ্রাসাসংলগ্ন স্থানে এলজিইডির অর্থায়নে ১৩ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। এর ওপর দিয়ে কালিয়াকৈর, সৈয়দপুর, গাবতলী, জানেরচালা, সাহেবাবাদ, দীঘিবাড়ি, বাঁশতলীসহ বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করে। নিচু হওয়ায় প্রতিবছর বর্ষার সময় এর পিলারের সঙ্গে বালু বহনকারী ট্রলারের ধাক্কা লাগে। এতে ছোট ছোট ফাটল সৃষ্টি হয়।
সর্বশেষ শনিবার বালু বহনকারী একটি ট্রলার সেতুর পিলারে ধাক্কা খেয়ে আটকে যায়। এ কারণে সেতুটি পিলারের সংযোগস্থল থেকে প্রায় এক ফুট সরে গিয়ে একদিকে হেলে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ট্রলারটি জব্দ করে এবং এর কর্মচারীদের আটক করে।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাসিনা আক্তার বলেন, সেতুটি ভেঙে ফেলতে হবে অথবা পাশে একটি নতুন সেতু তৈরি করতে হবে।
কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী সাজ্জাদ কবীর বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।