ট্রলারের লাইসেন্স দেওয়ার কাজ স্থগিতের নির্দেশ
বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য ট্রলারের লাইসেন্স নিতে আবেদনপত্র আহ্বান করে প্রকাশিত বিজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই সময়ে কোনো ধরনের লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৩ সেপ্টেম্বর রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে গত ৩০ আগস্ট এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তর বিজ্ঞাপনটি প্রচার করে।
বেসরকারি সংস্থা বেরিল হেলথ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন রিট আবেদনটি করে। আদালতে রিটের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. রাজিউদ্দিন সরোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গতকাল সোমবার রাজিউদ্দিন সরোয়ার প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে প্রাণীসম্পদের পরিমাপ জানতে সমুদ্রে জরিপের বিষয়ে ২০০৭ সালে সিদ্ধান্ত নেয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তে যথাযথ জরিপ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ট্রলারের লাইসেন্স দেওয়া হবে না বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় সরকার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও মালয়েশিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় জরিপ জাহাজ কেনার প্রক্রিয়ায় আছে। কিন্তু গত ১০ ডিসেম্বর ৪০ থেকে ২০০ মিটার গভীর এলাকায় কিছুসংখ্যক ট্রালারের অনুমোদন দেওয়ার সুপারিশ করে সরকার। এর আলোকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এই বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়।