ট্রলি আনতে আনতে রোগী শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরনদী উপজেলার এক তরুণী বিষপান করেছেন। প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। রাত তখন পৌনে ১০টা। জরুরি বিভাগে ভর্তি করার পর সেখানে রোগী বহনের ট্রলি ছিল না। ট্রলির জন্য ছোটাছুটি করতে গিয়ে প্রায় ২০ মিনিট কেটে যায়। এরপর চারতলা থেকে ফেরত আসে একটি ট্রলি। তাতে তোলা হয় ছটফট করতে থাকা তরুণীকে।

কিন্তু বিপত্তি তখনো কাটেনি। বিদ্যুৎ নেই। তাই লিফট অচল। বাধ্য হয়ে স্বজন, ট্রলিবাহকসহ পাঁচ-ছয়জন ট্রলি তুলে নেন কাঁধে। তাঁরা নিয়ে যান হাসপাতালের চারতলায় মেডিসিন ওয়ার্ডে। এতে আরও ১০-১৫ মিনিট চলে যায়। ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকেরা জানালেন, রোগী বেঁচে নেই।

ঘটনাটি গত ১০ অক্টোবরের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এই হাসপাতালে এ রকম ঘটনা অগেও ঘটেছে। অন্যান্য সমস্যার পাশাপাশি ট্রলি ও লিফটের সমস্যাও এখানে প্রকট। গৌরনদীর ওই তরুণীর বড় ভাইয়ের অভিযোগ, চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় তাঁর বোনের মৃত্যু হয়েছে।

জরুরি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মী জানান, অনেক প্রসূতি গুরুতর অবস্থায় এখানে আসেন। ভর্তির পর ট্রলির জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষারত অবস্থায় অনেক প্রসূতি জরুরি বিভাগের ওয়েটিং রুমে সন্তান প্রসব করেছেন, এ রকম ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে তাঁরা (কর্মী) কাপড় দিয়ে আড়াল করে সন্তান প্রসব করানোর ব্যবস্থা করেন।

দীর্ঘদিন ধরে হাসপাতালের ট্রলি বহনের কাজ করছেন গাজি আতাউর রহমান। তিনি বলেন, রোগীদের যে চাপ তাতে এখানে অন্তত নয়টি ট্রলি প্রয়োজন। কিন্তু আছে মাত্র চারটি। একটি ট্রলিতে রোগী নিয়ে চারতলায় যাওয়া-আসা, প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে রোগীকে শয্যায় দিয়ে জরুরি বিভাগে ফিরে আসতে কমপক্ষে ২৫ মিনিট সময় লাগে। আবার লিফট না পেলে কোনো কোনো সময় ৪০-৪৫ মিনিটও চলে যায়। ফলে জরুরি বিভাগে অনেক মুমূর্ষু রোগীকে অপেক্ষা করতে হয়।

আরেক ট্রলিবাহক আবদুর রহিম বলেন, ‘যখন লিফট কাজ করে না তখন আমাদের কাঁধে করে রোগী বহন করতে হয়। এতে রোগীদের যেমন সময়ক্ষেপণ হয়, তেমনি আমাদেরও অনেক পরিশ্রম হয়।’

হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, প্রতিদিন হাসপাতালে ৪৫০-৫০০ রোগী ভর্তি হন। এক হাজার শয্যার এই হাসপাতালে গড়ে ১ হাজার ৮০০ রোগী ভর্তি থাকেন সব সময়। এঁদের বড় একটা অংশ গুরুতর অসুস্থ থাকেন। তাঁদের বহনের জন্য আছে মাত্র চারটি ট্রলি। আর হাসপাতালে ১০টি লিফট থাকলেও সাতটিই জরাজীর্ণ। বেশির ভাগ সময় এগুলো কাজ করে না। এক ঘণ্টা চালালে কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হয়। সম্প্রতি তিনটি নতুন লিফট স্থাপন করা হয়েছে। এর দুটি ইতিমধ্যে চালু হলেও একটির কাজ এখনো শেষ হয়নি।

লিফট পরিচালনার দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। এই বিভাগের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দিনেরবেলা ছয়টি, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি এবং রাত ১০টার পর সারা রাত একটি লিফট চালু থাকার নিয়ম রয়েছে। তবে হাসপাতালের কর্মচারীরা বলছেন, নিয়ম মেনে এসব লিফট চলে না। দিনে মূলত দুটি লিফট চলে। আর রাত ১০টার পর একটি লিফট চালু থাকার কথা থাকলেও তা প্রায়ই বন্ধ থাকে। অপারেটর খুঁজে পাওয়া যায় না।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলী বলেন, লোডশেডিংয়ের সময় অস্ত্রোপচার কক্ষ ও ব্লাড ব্যাংক চালু রাখার জন্য হাসপাতালে দুটি জেনারেটর আছে। এর একটি ৪৫ বছর ও অপরটি ২৫ বছর আগে স্থাপন করা। পুরোনো হওয়ায় এগুলো প্রায়ই অচল থাকে। ফলে লোডশেডিংয়ের সময় লিফট বন্ধ থাকে। তা ছাড়া লিফট পরিচালনার জন্য ২৫ জন কর্মীর জায়গায় আছেন ১৫ জন।

লিফটের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করছেন গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) সঞ্জীব কুমার দেবনাথ। তিনি বলেন, ‘দুটি জেনারেটরই পুরোনো এবং খুব খারাপ অবস্থায় আছে। এ জন্য লোডশেডিংয়ের সময় লিফট চালানো যায় না। অধিক শক্তিসম্পন্ন (৫০০ কেবিএ) দুটি জেনারেটর স্থাপন করা গেলে সার্বক্ষণিক লিফট চালু রাখা যেত। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু এখনো সাড়া পাইনি।’

হাসপাতালে ট্রলির এই সংকটের কথা মানতে রাজি নন পরিচালক এস এম সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংকটটা ট্রলির নয়, সংকট হচ্ছে লিফটের। লিফট কম হওয়ায় রোগীদের অপেক্ষা করতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়। ট্রলির আরও প্রয়োজন হলে দেওয়া যাবে। কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। লিফটের সমস্যা সমাধানের জন্য বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’