ট্রলিকে বাসের ধাক্কা, নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস ট্রলিকে ধাক্কা দিলে তিন শ্রমিক নিহত হন। নিহত তিনজনই ট্রলিতে ছিলেন। আহত কমপক্ষে ১০ জন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি লোকাল বাস। উপজেলা সদরে সরকার ফিলিং স্টেশনের সামনে এসে বাসটির একটি চাকা ফেটে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারান। বাসটি এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ট্রলিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রলিতে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। বাস ও ট্রলির ১০ জন আহত হন। তাঁদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম। তিনি জানান, ঘটনাস্থলে নিহত তিন শ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এর মধ্যে দুজন শ্রমিকের লাশ পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আরেক শ্রমিকের লাশ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। ওসি জানান, বাসটি দুঘর্টনাস্থলে রেখে চালক পালিয়েছেন।