ট্রাংকে ভরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বিকেল সাড়ে পাঁচটা। ময়মনসিংহ শহরের চায়না মোড়ে শেরপুরগামী বাসের চালক গাড়ির বক্সে কিছু একটার নড়াচড়া টের পান। তিনি বাসটি থামান। বাসের বক্স খুলে ভেতরে একটি ট্রাংক পাওয়া যায়। ট্রাংক থেকে একটি মেয়েকে (১৪) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
মেয়েটি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় এলাকার একটি বিদ্যালয়ের ছাত্রী। অপহরণের চেষ্টাকারী মনির (১৭) ও মুর্শেদকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মনির পুলিশের কাছে স্বীকার করে, বিয়ে করার জন্য সে মেয়েটিকে অপহরণের চেষ্টা করছিল।
পুলিশ ও মেয়েটির পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, গত বুধবার বেলা ১১টার দিকে বাসায় গৃহপরিচারিকা ছাড়া কেউ ছিল না। এই সুযোগে দুই ভাই মনির ও মুর্শেদ বাসায় ঢুকে গৃহপরিচারিকাকে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরে। এই পর্যায়ে দুই ভাই ছাত্রীটির মুখে স্কচটেপ লাগিয়ে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে। পরে হাত-পা বেঁধে তাকে ট্রাংকে ঢুকিয়ে নেয়। পরে তারা ভালুকার সিডস্টোর বাসস্ট্যান্ডে গিয়ে শেরপুরগামী একটি বাসের বক্সে ট্রাংকটি তোলে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটি ময়মনসিংহ শহর অতিক্রম করছিল। এরই মধ্যে মেয়েটির চেতনা ফেরে। বাসটি চায়না মোড়ে এলে সে নড়াচড়া শুরু করে। টের পেয়ে যান বাসের কয়েকজন যাত্রী। এই পর্যায়ে তাঁরা বাস থামাতে বলেন। পরে বক্স থেকে একটি ট্রাংক বের করা হয়। ট্রাংকটি খুললে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। কারণ, এটির মধ্য থেকে একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে র‌্যাব-১৪-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই অপহরণকারী ও মেয়েটিকে প্রথমে ময়মনসিংহের কোতোয়ালী থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাত ১০টার দিকে তাদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানা সূত্র জানায়, মনির ও মুর্শেদ ভালুকার একটি বস্ত্র কারখানায় কাজ করে। এ ঘটনায় ভালুকা থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মেয়েটি বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। তার পরিবারের সদস্যরা জানান, তাঁরা অপহরণকারীদের চেনেন না।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য না পেলে মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হবে।