আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেন, তবে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে। সংবিধান অনুসারে, যেকোনো মামলার সম্পূর্ণ ন্যায়বিচার করার অন্তর্নিহিত ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের।
১২ জন নাগরিকের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে গতকাল বুধবার হাইকোর্ট এ পর্যবেক্ষণ দিয়েছেন। বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে তাঁরা বিবৃতি দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে আদালত অবমাননার কার্যক্রম চলছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত রবি ও সোমবার রিট আবেদনটির শুনানি হয়। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম, সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। পরে গতকাল আদেশের জন্য দিন ধার্য রাখা হয়।
রিট আবেদনকারীরা হলেন জাফরুল্লাহ চৌধুরী, শিরিন আখতার, আফসান চৌধুরী, আলী আহমেদ জিয়াউদ্দিন, শহীদুল আলম, আনুশেহ আনাদিল, সি আর আবরার, ফরিদা আক্তার, লুবনা মরিয়ম, মাসুদ খান, রেহনুমা আহমেদ ও জিয়াউর রহমান।
রাশনা ইমাম প্রথম আলোকে বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় যদি কেউ আদালত অবমাননার দায়ে দণ্ডিত হন, তবে তিনি সংবিধানের ১০৪ ধারা অনুসারে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য আপিল বিভাগে যেতে পারবেন।
তবে আদালত অবমাননার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আপিলের বিধান যুক্ত করার কোনো নির্দেশনা হাইকোর্ট দেননি। এ প্রসঙ্গে রাশনা ইমাম বলেন, ‘এ নির্দেশনার পাশাপাশি আমরা আবেদনকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান আদালত অবমাননার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল চেয়েছিলাম। আদালত শুধু পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করেছেন।’
ট্রাইব্যুনালের আইন অনুসারে, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিরা আপিল করতে পারেন। কিন্তু এই আইনের অধীনে কেউ আদালত অবমাননার দায়ে দণ্ডিত হলে তিনি আপিল করতে পারেন না। এ আইনে আদালত অবমাননার দায়ে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ জন্য আদালত অবমাননা-সংক্রান্ত ১১(৪) ধারা ও আপিলের বিধান-সংক্রান্ত ২১ ধারা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়। আপিলের অধিকার নিশ্চিত না করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল চেয়েছিলেন আবেদনকারীরা।
এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম প্রথম আলোকে বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন, কোনো আইনে আপিলের অধিকার দেওয়া না থাকলেই তা অসাংবিধানিক হয় না। সংবিধান অনুসারে আপিল বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা আছে যেকোনো মামলার সম্পূর্ণ ন্যায়বিচার করার।
এদিকে বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতাদের ২৩ জন গতকাল আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল-২-এ ব্যাখ্যা দিয়েছেন। ৬ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ জন বিবৃতিদাতার কাছে ব্যাখ্যা চান। এ পর্যায়ে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ জনকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বাকি ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম চলছে। তাঁদের মধ্যে ১২ জন উচ্চ আদালতে রিট করেন।