ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা ঠিক হবে না বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা জানায়।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফাইয়াজ বলেন, বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে সরকার বিচারাধীন ব্যক্তিদের মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, ‘আমরা আইন সংশোধনের প্রক্রিয়া বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মৃত্যুদণ্ড অমানবিক ও নিষ্ঠুর সাজার একটি রূপ। সরকারের উচিত মৃত্যুদণ্ডের সাজা তুলে দেওয়া।’৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে ক্ষুব্ধ হয়ে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়। এরপর সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয়।আব্বাস ফাইয়াজ বলেন, ৪০ বছরের বেশি সময় পর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভয়ংকর সব অপরাধের বিচারের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। ওই অপরাধের ন্যায়বিচার হতে হবে, তবে একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের মানবাধিকারের প্রতি অবশ্যই সম্মান জানাতে হবে। মৃত্যুদণ্ডের সাজা মানবাধিকারের লঙ্ঘন।