ট্রাইব্যুনাল আইনের সংশোধনী-সংক্রান্ত রিটে বিভক্ত আদেশ
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের শব্দগত সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ হয়। ২০০৯ সালের ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। এতে ‘ব্যক্তি’ ও ‘ব্যক্তিবর্গ’ শব্দ যুক্ত হয়। এর সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী রিট আবেদনটি করেন। রিটের ওপর ৮ মে শুনানি শেষে আদালত গতকাল আদেশের দিন ধার্য করেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান। তাঁকে সহায়তা করেন ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ বিচারপতি ট্রাইব্যুনাল আইনের ৩ ধারা সংশোধন করে ব্যক্তি ও ব্যক্তিবর্গ যুক্ত করা কেন অবৈধ হবে না, মর্মে রুল জারি করেন। অপর বিচারপতি আবেদনকারীর আবেদন করার অধিকার সম্পর্কে প্রশ্ন তুলে রিটটি খারিজ করে দেন। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি এটি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন।