ট্রাইব্যুনাল একটি পুনর্গঠন, অন্যটি নিষ্ক্রিয়
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে একটিকে পুনর্গঠন করে অন্যটিকে নিষ্ক্রিয় করেছে সরকার।
ট্রাইব্যুনাল-১-কে পুনর্গঠন করে ও ট্রাইব্যুনাল-২-কে নিষ্ক্রিয় করে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হয়েছেন এই ট্রাইব্যুনালের সাবেক সদস্য বিচারপতি আনোয়ারুল হক। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন ট্রাইব্যুনাল-২-এর সাবেক সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ারদী।
ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, ট্রাইব্যুনাল-২-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ও এই ট্রাইব্যুনালের সাবেক সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে হাইকোর্টে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, মামলার সংখ্যা কম থাকায় একটি ট্রাইব্যুনালকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এটি বিলুপ্ত হচ্ছে না। প্রয়োজন হলে আবার এটিকে সক্রিয় করা হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দুই বছর পর ২০১২ সালের ২২ মার্চ বিচারে গতি আনতে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। পুরোনো ট্রাইব্যুনালটির নাম দেওয়া হয় ট্রাইব্যুনাল-১। দুটি ট্রাইব্যুনাল এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ২১টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ দশটি ও ট্রাইব্যুনাল-২ এগারোটি মামলার রায় দিয়েছেন।