ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। সকাল সাড়ে ১০টার দিকে আদালত বসবেন।
গতকাল সোমবার রাত আটটার দিকে নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ সারা দেশে প্রায় আট হাজার সদস্য মোতায়েন রয়েছেন। সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ট্রাইব্যুনালের দুটি প্রবেশপথে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইরে টহল দিচ্ছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি)।
ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে তল্লাশিও চলছে।
মত্স্য ভবন থেকে হাইকোর্ট ও দোয়েল চত্বর থেকে হাইকোর্ট পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন শেষে গত বছরের ১৩ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
রায় ঘোষণার আগেই ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর তত্কালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর।
৫৩ দিন পর বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১ দ্বিতীয় দফায় মামলার সমাপনী যুক্তি শোনেন। ২৪ মার্চ মামলাটি দ্বিতীয় দফায় রায়ের অপেক্ষায় রাখা হয়। এর তিন মাস পর আজ রায় ঘোষণা করা হচ্ছে।