ট্রাইব্যুনাল করে মানবপাচারের হোতাদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রথম আলো
বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রথম আলো

দেশ থেকে মানবপাচার বন্ধ করতে হলে অবশ্যই মূল হোতাদের বিচার করতে হবে। সেই বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই মুহূর্তে সব জেলা কিংবা সাত বিভাগে ট্রাইব্যুনাল করতে না পারলেও দ্রুত ঢাকা, যশোর ও কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল করা দরকার।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউএসএইড বাংলাদেশ, উইনরক ইন্টারন্যাশনাল, রিলিফ ইন্টারন্যাশনাল, ব্র্যাক, জাস্টিস অ্যান্ড কেয়ার, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস, এ্যাটসেক বাংলাদেশ, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, সলিডারিটি সেন্টার এবং অভিবাসী কর্মী কল্যাণ ফাউন্ডেশন (ওকাফ) যৌথভাবে এই সভার আয়োজন করে। সভা শুরুর আগে মানবপাচার বন্ধের আহ্বান জানিয়ে একটি ব্যানারে গণস্বাক্ষর করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসরাত শামীম। তিনি বলেন, মানবপাচার আইনটি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালগুলো করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে দায়ীদের বিচার হয় না। এ জন্য আইনি সহায়তা বাড়াতে হবে। আইন সংস্থার বাহিনীগুলোর দক্ষতা বাড়াতে হবে। তিনি পাচার প্রতিরোধ, উদ্ধার মানুষের সুরক্ষা, মামলার বিচার, এই খাতের প্রতিবন্ধকতা ও পর্যবেক্ষণের ওপর জোর দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম বলেন, শুধু সীমান্ত পাহারা দিয়ে পাচার বন্ধ করা যাবে না। এর পেছনের কারণগুলো দূর করতে হবে। বিশেষ করে দারিদ্র্য। পাচার বন্ধে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই বলে মনে করেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক বলেন, আজকে এই আধুনিক সময়ে এসেও আমাদের পাচারের মতো ঘৃণ্য বিষয় নিয়ে কথা বলতে হয়—এটা লজ্জার। সবাই একসঙ্গে কাজ না করলে এই সমস্যার সমাধান সম্ভব না।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘মানবপাচার একটি ভয়াবহ অপরাধ। কাজেই পাচারকারীদের শাস্তি দিতেই হবে। কিন্তু আমরা দেখছি পাচারকারীরা উল্টো হুমকি দিচ্ছে। সাত বিভাগে না হোক—এই মুহূর্তে ঢাকা, কক্সবাজার ও যশোরে তিনটি ট্রাইব্যুনাল হোক। তাহলে অনেক মামলার বিচার হবে।’

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের বাংলাদেশ প্রতিনিধি কামরুল হাসান বলেন, বিদেশে কাজের কথা বলে নিয়ে কাউকে পাচার করা হবে, গণকবরে লাশ পাওয়া যাবে, কাউকে জিম্মি করে নির্যাতন করা হবে—আমরা সেটা চাই না। আর এ জন্য দরকার আইনের শাসন প্রতিষ্ঠা।

আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মানবপাচার অপরাধ বিচারের জন্য ট্রাইব্যুনাল হচ্ছে না। অধিকাংশ মামলারই বিচার হচ্ছে না। এই সমস্যার সমাধান করতে হবে।

অনুষ্ঠানে আগত অন্য বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও পাচার বন্ধে এ সংক্রান্ত মামলাগুলোর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ ছাড়া পাচারকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া, সারা দেশে সচেতনতা তৈরি, সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়সহ নানা প্রস্তাব উঠে আসে অনুষ্ঠানে। সভা সঞ্চালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক এ বি এম জিয়াউল কবির।