ট্রাইব্যুনাল থেকে দায়রা জজ আদালতে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী মজুমদার
হিমাদ্রী মজুমদার

দ্রুত বিচার ট্রাইব্যুনালে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারকাজ শেষ না হওয়ায় হিমাদ্রী মজুমদার হত্যা মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে হিমাদ্রী হত্যা মামলার নথি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর্যায়ে আছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান আছে। গতকাল হিমাদ্রী হত্যা মামলার ১৩৫ কার্যদিবস শেষ হয়ে গেছে। এ কারণে মামলাটি যে আদালত থেকে এসেছে, সেই আদালতে ফেরত পাঠানো হয়েছে। সেখানে যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর বিচারক রায় ঘোষণার দিন ধার্য করবেন। তিনি বলেন, গত ৬ জানুয়ারি থেকে অবরোধ এবং হরতালের কারণে ৩১ কার্যদিবসে মামলাটির কোনো শুনানি হয়নি। ওই ৩১ কার্যদিবস শুনানি হলে মামলাটির বিচার অনেক আগেই শেষ হয়ে যেত।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ‘২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। আশা ছিল, দ্রুত ছেলে হত্যার বিচার পাব।’ তাঁর আশা, দায়রা জজ আদালতও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো কম সময়ের ব্যবধানে মামলার শুনানির দিন ধার্য রাখবেন।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, কম সময়ের ব্যবধানে হিমাদ্রী হত্যা মামলার শুনানির দিন ধার্য করার জন্য তাঁরা আদালতের প্রতি অনুরোধ জানাবেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ২৬ দিন পর তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। পরে এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করা হয়।