ট্রাইব্যুনাল না সরাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানো ঠিক হবে না বলে মনে করছে আইন মন্ত্রণালয়। ট্রাইব্যুনাল সরিয়ে নিলে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে বলে মনে করে এ মন্ত্রণালয়।

এ কারণে আইন মন্ত্রণালয় এই ভবনটি সুপ্রিম কোর্টের অনুকূলে দখল হস্তান্তরের বিষয়টি পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছে। আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে এ অনুরোধ করা হয়। এর আগে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ এই ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল।

জানতে চাইলে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ চিঠি দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম রোববার বিকেল ৫টা ২৩ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তখন পর্যন্ত এ ধরনের চিঠি হাতে পাননি।

আইন মন্ত্রণালয়ের চিঠিতে এ বিষয়ে বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, এটি সরানো হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে এবং দেশের সঠিক উন্নয়নের ধারাবাহিকতার ক্ষেত্রে এ স্থানান্তর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই যুদ্ধাপরাধীদের বিচারকাজ বন্ধ করে পুরোনো হাইকোর্ট ভবনটির দখল সুপ্রিম কোর্টের অনুকূলে হস্তান্তর করা হলে তা বর্তমান প্রেক্ষাপটে সর্বজনগ্রাহ্য হবে না এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হবে।

চিঠিতে আরও বলা হয়, পুরোনো হাইকোর্ট ভবনটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপনা। এ ভবনটি পূর্ব বাংলা ও আসাম প্রদেশের গভর্নরের সরকারি বাসভবন হিসেবে নির্মাণ করা হয়। পরে এ ভবনটিকে পূর্ব পাকিস্তানের হাইকোর্টে রূপান্তর করা হয়। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত অপরাধ যেমন: যুদ্ধাপরাধ, গণহত্যা, ধর্ষণ, মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারকাজ পরিচালনার জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় অন্য কোথাও নিরাপদ স্থাপনা না পাওয়ায় সরকার শেষ পর্যন্ত এই ভবনটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার করছে। ২০০৯ সালে এ ভবনের একটি অংশ আইন কমিশন ও অপর অংশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করার জন্য জায়গা খোঁজা হচ্ছিল এবং নিরাপত্তার দিকটি বিবেচনায় এনে এ ভবনটি সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত হওয়ায় এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। ভবনটিতে ট্রাইব্যুনাল স্থাপন করার পর প্রয়োজনীয় সংস্কারকাজ করা হয় এবং আইন কমিশন ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস ১৫ কলেজ রোডে স্থানান্তর করা হয়। সে সময় থেকে এখানে বিচারকাজ শুরু হয় এবং অনেক কুখ্যাত যুদ্ধাপরাধীর বিচারকাজ সুসম্পন্ন হয়। সে কারণে এ ভবনটির ঐতিহ্য আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনগণ চায়, এই ভবনটি ঐতিহাসিক ভবন বিধায় সে মর্যাদাকে সমুন্নত রেখে ভবনটিকে সংরক্ষণ করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখান থেকে সরানো না হোক।