সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার করতে সারা দেশের সাতটি বিভাগে ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ’ করার উদ্যোগ নিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নেওয়া এ-সংক্রান্ত প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিও নিয়েছে আইন মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এ মাসের মধ্যে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।
তবে এ ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার হবে সন্ত্রাসবিরোধী আইনে। সংখ্যালঘুদের ওপর হামলার মামলাগুলো যাতে সন্ত্রাসবিরোধী আইনে নেওয়া হয়, সে জন্য জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, পঁচাত্তরের ১৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীদের বিচার করতে ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা, দিনাজপুর, রামুসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়ি লুট ও সম্পত্তি দখলের ঘটনার সব মামলা এ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। তবে ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি যেহেতু সময়সাপেক্ষ, তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ২৭ ধারা অনুযায়ী বিচারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সন্ত্রাসবিরোধী আইনে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতিমধ্যে অনেক মামলা হয়েছে, যেগুলো সন্ত্রাসবিরোধী আইনে করা হয়নি। বেশির ভাগই দণ্ডবিধির মামলা। ওই মামলাগুলোর বিচার সন্ত্রাসবিরোধী আইনে করা সম্ভব হবে না। আর এভাবে বিচার-প্রক্রিয়া থমকে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব গুরুত্বপূর্ণ মামলার বিচারের সিদ্ধান্ত নিয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ’ করার পরামর্শ দেন।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা হচ্ছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই এসব মামলা অবশ্যই সন্ত্রাসবিরোধী আইনে করা উচিত।
এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হয়। বিভাগীয় কমিশনারদের ওই সভায় জেলা পর্যায়ে কোর কমিটিগুলোকে কার্যকর করে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কথা বলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন ও পরিকল্পনা) প্রথম আলোকে বলেন, ‘আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মামলাগুলো ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’