ট্রাইব্যুনাল যেকোনো লোকের সাহায্য নিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো লোকের সাহায্য বা সহযোগিতা নিতে পারেন বলে শুনানিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের শুনানিতে গতকাল রোববার তিনি এ কথা বলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল অ্যাটর্নি জেনারেল এই আবেদনের বিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১(১)(ডি) ধারা উদ্ধৃত করে তিনি বলেন, আইনেই ক্ষমতা দেওয়া আছে, ট্রাইব্যুনাল চাইলে যেকোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য বলতে পারেন। আহমেদ জিয়াউদ্দিনকে অভিযোগ গঠনের আদেশ বা অন্য আদেশ তৈরির জন্য সাহায্য করতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলতে পারেন। তফাত শুধু এটুকু যে, এখানে ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো আদেশ দেননি।আইনের ১১(৬) ধারা উদ্ধৃত করে মাহবুবে আলম বলেন, এখানে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কিছু বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই ধারা অনুসারে, আইনের অধীনে ট্রাইব্যুনালের দায়িত্ব পালনের জন্য প্রয়োজন মনে করলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিশেষ প্রশাসনিক আয়োজন (অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট) করতে পারেন। স্কাইপে বিচারপতি নিজামুল হকের সঙ্গে আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথনকে এমন প্রশাসনিক আয়োজন বলা যেতে পারে। এতে কোনো ভুল নেই।তথ্য ও প্রযুক্তি যোগাযোগ আইন (সংশোধিত), ২০০৬ উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, হ্যাকিং একটি অপরাধ। হ্যাকিংয়ের অপরাধে ব্রিটেনের দুই সাংবাদিক জেল খেটেছেন, একটি পত্রিকা বন্ধ হয়ে গেছে। স্কাইপে কথোপকথন প্রকাশ করা যাবে না বলে ট্রাইব্যুনাল-২ একটি রুল দিয়েছেন। কিন্তু সেগুলো দিয়েই আসামিপক্ষ পুনর্বিচারের আবেদন এনেছে।বিচার সম্পাদন-সম্পর্কিত আইনের বিভিন্ন ধারা ও এর পর্যায় উদ্ধৃত করে মাহবুবে আলম বলেন, এগুলো ন্যায়বিচারের স্বার্থে নতুন করে বিচার শুরু করার কোনো কারণ নেই। আসামিপক্ষের পুনর্বিচার-সংক্রান্ত আবেদনের সঙ্গে সংযুক্ত স্কাইপে কথোপকথন ও ই-মেইল প্রসঙ্গে তিনি বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া ও সংগ্রহ করা নথিপত্র ব্যবহার করা যায় না।অ্যাটর্নি জেনারেল বলেন, এই ট্রাইব্যুনালের সদস্য তিনজন। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে অভিযোগগুলো সত্য, তার পরও আরও দুজন বিচারক আছেন। আইনে আছে, একজন বিচারক না থাকলেও অন্য দুজন বিচারকাজ পরিচালনা করতে পারবেন। রায় দেওয়ার সময় তিনজন লাগবে, কিন্তু এখনো কোনো রায় হয়নি। ফলে এখানে এক সদস্যের স্কাইপে কথোপকথনের ভিত্তিতে মামলা পুনর্বিচারের কারণ নেই। শুনানির একপর্যায়ে তিনি বলেন, ‘দি ইকোনমিস্ট-এ প্রকাশিত প্রতিবেদন আমাদের কাছে বাইবেল হতে পারে না। ইসরায়েল ইস্যুতে তারা কী প্রতিবেদন করেছিল? কার পক্ষে ছিল?’ তিনি বলেন, এই আইনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন কার্যকর না থাকায় এর অধীনে অভিযোগ গঠন করারই দরকার হয় না।অ্যাটর্নি জেনারেলের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, তিনি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলাটি পুনর্বিচারের আবেদেনের ওপর শুনানি করতে চান। ট্রাইব্যুনাল বলেন, সোমবার (আজ) জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলা পুনর্বিচারের আবেদনের পক্ষে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে। তারপর হায়দার আলী শুনানি করবেন।পরে শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আইনের বিধান হলো, কেউ অন্যায়ের সুবিধা নিতে পারে না। এই যে তারা স্কাইপে কথাগুলো রেকর্ড করেছে, হয় বহু টাকা খরচ করে জোগাড় করেছে, না হলে চুরি করেছে। নিজের অপকর্ম দিয়ে আইনের ঘরে কোনো সুবিধা নেওয়া যায় না।’ তিনি বলেন, বিচারপতি নিজামুল হক যদি কোনো সাহায্য বা সহযোগিতা নিয়ে থাকেন, তা আইনের বলেই করেছেন। হ্যাকিংয়ের তদন্ত আবারও দাবি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ও সহসভাপতি মুনতাসীর মামুন গতকাল সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে যান। ঘণ্টা খানেক পর শাহরিয়ার কবির এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, হ্যাকিংয়ের জিনিস আদালতে নিয়ে আসাই অপরাধ। যদি এগুলোকে আমলে নেওয়া হয়, তবে হ্যাকিংকে উৎসাহিত করা হবে। এগুলোর উচ্চপর্যায়ের তদন্ত হতে হবে।এর আগে ২৪ ডিসেম্বর নির্মূল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনেও শাহরিয়ার কবির স্কাইপে কথোপকথন হ্যাকিংয়ের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।