মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে সংবাদ করার ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকতে বলেছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন পত্রিকায় ভুল সংবাদ ছাপা হয়—উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, এটা অনাকাঙ্ক্ষিত।দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর করা আদালত অবমাননার বিষয়ে আবেদনের আদেশে গতকাল রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ কথা বলেন। আদেশে বলা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় নানা সময় ট্রাইব্যুনাল সম্পর্কে সঠিক সংবাদ ছাপা হয় না। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। ট্রাইব্যুনালের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদককে সতর্ক করে ট্রাইব্যুনাল বলেন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই দিনের মধ্যে ছাপাতে হবে।গতকাল কার্যক্রমের শুরুতে জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদক উপস্থিত আছেন কি না, তা জানতে চান ট্রাইব্যুনাল। তিনি আছেন জানালে ট্রাইব্যুনাল উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রকাশিত প্রতিবেদন যথাসম্ভব সঠিক হতে হবে। অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ভুল সংবাদ পরিবেশন করা যাবে না। প্রকাশিত সংবাদ পড়লে বোঝা যায়, কোনটা ভুল আর কোনটা ইচ্ছা করে লেখা হয়েছে।২৩ ফেব্রুয়ারি সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননা আবেদনের শুনানি করেন। শুনানিতে তিনি ২১ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ‘সাঈদীর উপস্থিতিতে পাকি সৈন্যরা আমার ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে’ এবং ২ ফেব্রুয়ারি ‘ঘরে ফিরেই জানতে পারি, সাঈদী আমার স্ত্রীকে ধর্ষণ করেছে’ শীর্ষক সংবাদের শিরোনাম নিয়ে আপত্তি জানান। এ বিষয়ে আদেশের ধার্য দিন ছিল গতকাল।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি: বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি গতকালও হয়েছে। আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলাম গতকাল সাকা চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানি করেন। পরে তাঁর জামিনের আবেদনের শুনানি অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।