ট্রাইব্যুনাল সরানো সমীচীন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয় আবারও বলেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানো সমীচীন হবে না। এটা সরালে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে এবং তা সর্বজনগ্রাহ্য হবে না, বরং সুপ্রিম কোর্ট দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হবে।
এ জন্য এই ভবনটি সুপ্রিম কোর্টের অনুকূলে দখল হস্তান্তরের বিষয়টি পুনর্বিবেচনা করতে আবারও সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি দিয়ে এ অনুরোধ করা হয়। এর আগে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ওই ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। ওই চিঠিতে ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোনো হাইকোর্ট ভবনটি (ট্রাইব্যুনাল) হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এর আগে ৩১ অক্টোবরের মধ্যে ওই ভবন হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্ট। তখনো আইন মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করে চিঠি দিয়েছিল।
এদিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বর্তমান ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল সংগঠনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরসহ কয়েকজন নেতা এক বিবৃতিতে এ নিন্দা জানান।