ট্রাইব্যুনাল সরিয়ে নিতে দেওয়া চিঠি প্রত্যাহারের দাবি
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরোনো হাইকোর্ট ভবন থেকে অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে দেওয়া সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ওই চিঠি প্রত্যাহার করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নারীনেত্রী আয়েশা খানম, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির মামুন প্রমুখ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে গত সোমবার আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
চিঠিতে বলা হয়, ট্রাইব্যুনাল স্থানান্তর করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টকে পুরোনো হাইকোর্ট ভবনটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত অংশ) দখল হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট-সংলগ্ন পুরোনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে।