আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩১ অক্টোবরের মধ্যে পুরোনো হাইকোর্ট ভবন থেকে অন্যত্র সরাতে দেওয়া সংক্রান্ত নোটিশের প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা এই নোটিশ প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানায়। একই সঙ্গে ভবনটিকে একাত্তরের গণহত্যা এবং বিচারের জাদুঘর ও আর্কাইভ করার দাবি জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
লিখিত বক্তব্যে প্রধান বিচারপতির উদ্দেশে শাহরিয়ার কবির বলেন, ‘আমরা আশা করেছিলাম আপনি প্রধান বিচারপতি হওয়ার পর যুদ্ধাপরাধীদের চলমান বিচার আরও গতিশীল হবে। কারণ এটি শুধু ’৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার নয়, ৩০ লাখ শহীদের প্রতি গোটা জাতির দায়বদ্ধতাও। ...সুপ্রিম কোর্টের স্থান সংকুলানের জন্য আরও অনেক জায়গা আছে, যেখানে ভবন সম্প্রসারিত হতে পারে। ...যখন ট্রাইব্যুনালের সক্ষমতা ও সচলতা আরও বৃদ্ধি করা প্রয়োজন, তখন আপনার নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ’৭১-এর গণহত্যাকারীরা যেমন উল্লসিত হবে, একইভাবে মুক্তিযুদ্ধের শহীদ পরিবার ও ভুক্তভোগীদের চার দশকেরও বেশি সময়ের হৃদয়ের রক্তক্ষরণ আরও বাড়াবে।’
৩১ অক্টোবরের মধ্যে প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শাহরিয়ার কবির।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘প্রধান বিচারপতির অনেক কথা ভীষণভাবে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, ক্ষুব্ধ করে।’
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার স্মৃতিচিহ্ন যাতে মুছে যায়, সে জনই এই উদ্যোগ উল্লেখ করে ইতিহাস সমিতির সভাপতি মুনতাসীর মামুন বলেন, ‘আমাদের সামষ্টিক স্মৃতির আধার, আমাদের বিজয়ের প্রতীক, কোনো অপরাধ করলে যে বিচার হবে তার দায়বদ্ধতার প্রতীক, শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় যে কাজটি করছেন তার প্রতীক, সারা বিশ্বে যারা মানবতাবিরোধী অপরাধের বিচার চায় তাদের প্রতীক এই ভবন অপসারণ করার অর্থই হচ্ছে সব স্মৃতি অপসারণ করা। আমরা এটা মানব না, এটা হতে দেব না।’
মুনতাসীর মামুন বলেন, সুপ্রিম কোর্ট সড়ক ভবনের যে জায়গাটি নিয়েছে, তার আয়তন সুপ্রিম কোর্টের নতুন ভবনের যে আয়তন তার প্রায় সমান সমান। সেই জায়গাটি নেওয়া হয়েছিল বিচারকদের বিচারের এজলাস করার জন্য। কিন্তু সেখানে করা হয়েছে সেলুন, জিমনেসিয়াম, বিউটি পারলার, ব্যাংকোয়েট হলসহ অনেক কিছু। তাহলে ধরে নিতে হবে, মানবতাবিরোধী অপরাধের চাইতে বিউটি পারলার বেশি গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, লেখক ও প্রকাশক মফিদুল হক, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, নারী নেত্রী আয়শা খানম, লেখক ও গবেষক হারুন হাবীব, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।