ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার বক্তব্যে নির্মূল কমিটির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বক্তব্যে নিজেদের উদ্বেগের কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁরা এই উদ্বেগ জানান।
রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের বিষয়ে নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘এ বছর নির্মূল কমিটির আন্দোলনের রজতজয়ন্তী পূর্ণ হচ্ছে। আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি কমিটির কার্যক্রম ও অর্জন তাঁকে অবহিত করার জন্য, সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য।’ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে যে ‘জটিলতা’ দেখা দিয়েছে, সে বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি যে এটা তিনি যেন প্রধান বিচারপতিকে ডেকে বলেন। আমরা চাচ্ছি বিচারটার যেন কোনোভাবে অসুবিধা না হয়।’
বৈঠকে উপস্থিত ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘যেখানে মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের আদালতের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং যার উদাহরণগুলো বিশ্বের বিভিন্ন আদালত গ্রহণ করছে, সেখানে যখন এটাকে সরিয়ে নিতে বলা হয়, তখন আমরা উদ্বিগ্ন বোধ করি।’ তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বলেছি, মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকুক এটা আমরা চাই। এ ব্যাপারে কোনো রকম ব্যত্যয় আমরা আগেও মানিনি, ভবিষ্যতেও মানব না।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বিচারপতি মো. শামসুল হুদা ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।