অবশেষে ৫৩ দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার সরকার এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চেয়ারম্যান না থাকায় এই ৫৩ দিন ট্রাইব্যুনাল-১-এ বিচারিক কার্যক্রম চলেনি।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন। সেই থেকে চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিচারপতি ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি আমরা হাতে পেয়েছি।’
বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, চেয়ারম্যান নিয়োগ হওয়ায় ট্রাইব্যুনাল-১-এ বিচারিক কার্যক্রমহীনতার অবসান হবে। এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি ১০২ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে। এ ছাড়া জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহান ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো বিচারাধীন।
বিচারপতি ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১-এর তৃতীয় চেয়ারম্যান। ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। এক প্রবাসী আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।
২০১২ সালের ১৩ ডিসেম্বর চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন বিচারপতি এ টি এম ফজলে কবীর।
এ পর্যন্ত ট্রাইব্যুনাল-১ যে তিনটি রায় দিয়েছেন, সেগুলো হয়েছে তাঁর সময়ে। এর মধ্যে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ১৫ জুলাই দলটির সাবেক আমির গোলাম আযম এবং ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয়। নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম তাঁর সময়ে শেষ হলেও রায় ঘোষণার আগেই তিনি অবসরে যান।