ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান অবসরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসর নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আজ মঙ্গলবার তিনি তাঁর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন।
এদিকে অবসরে যাওয়ার ফলে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ এখন কার্যত শূন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেনি সরকার।
বিচারপতি ফজলে কবির তাঁর মেয়াদের শেষ কার্যদিবসে ট্রাইব্যুনাল-১-এ নিয়মিত বিচারকাজ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন। পরে তাঁকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমন্বয় পরিষদ ও ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
১৯৪৭ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চামা গ্রামে জন্ম গ্রহণকারী বিচারপতি ফজলে কবীর ১৯৭৫ সালে মুন্সেফ (সহকারী জজ) পদে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ বিচারিক জীবনে তিনি ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় জেলা ও দায়রা জজ এবং রাজশাহীর বিশেষ বিভাগীয় আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারপতি পদে নিয়োগ পান। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে থাকার সময় তিনি পঞ্চম সংশোধনী মামলার রায় দেন।
২০১০ সালের ২৫ মার্চ তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলে বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হলে তাঁকে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান করা হয়। ওই বছরের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলে ১৩ ডিসেম্বর বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপির নেতা সালাদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তিনটির রায় দিয়েছেন।