ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীর অবসরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসর নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি গতকাল মঙ্গলবার তাঁর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন।
বিচারপতি ফজলে কবীর অবসরে যাওয়ায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ কার্যত শূন্য হলো। গতকাল পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেনি সরকার।
বিচারপতি ফজলে কবীরের মেয়াদের শেষ কার্যদিবসে গতকাল তাঁর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন। পরে বিচারপতি ফজলে কবীরকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমন্বয় পরিষদ ও ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
১৯৪৭ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামে জন্মগ্রহণকারী বিচারপতি ফজলে কবীর ১৯৭৫ সালে মুন্সেফ (সহকারী জজ) পদে বিচার বিভাগে যোগ দেন।
দীর্ঘ বিচারিক জীবনে তিনি ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় জেলা ও দায়রা জজ এবং রাজশাহীর বিশেষ বিভাগীয় আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারপতি পদে নিয়োগ পান।
বিচারপতি এ বি এম খায়রুল হক (সাবেক প্রধান বিচারপতি) ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মুন সিনেমা হলের মালিকানা-সংক্রান্ত সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দেন। ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলে বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয় সরকার। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হলে তাঁকে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান করা হয়।
ওই বছরের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলে ১৩ ডিসেম্বর বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নিয়োগ করা হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান থাকাকালে তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা তিনটির রায় দেন।