ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানশূন্য ১৯ দিন, বিচারকাজ স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ ১৯ দিন ধরে শূন্য। চেয়ারম্যানের অবসরের পর নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন না করায় বিচারকাজ স্থবির হয়ে পড়েছে।
তিন সদস্যের পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল না থাকায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাও দীর্ঘসূত্রতায় পড়েছে। বিচারসংশ্লিষ্টরা মনে করছেন, দুই মাসের বেশি অপেক্ষমাণ থাকা এই রায় ঘোষণা হতে আরও সময় লাগবে। এ ছাড়া এই ট্রাইব্যুনালে আরও চারটি মামলা বিচারাধীন।
৬৭ বছরের বয়সসীমা পূর্ণ হওয়ায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিচারপতি এ টি এম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন। গতকাল রোববার পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিচারসংশ্লিষ্টরা বলছেন, এতে মনে হতে পারে, ট্রাইব্যুনাল নিয়ে সরকারের পূর্বপ্রস্তুতি নেই। বিচারপ্রক্রিয়ার গতিকে বাধাহীন রাখতে পদ শূন্য হওয়ার বিষয়টি সরকারের আগেই মাথায় রাখা উচিত ছিল।
জানতে চাইলে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ নানা কারণে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে নিয়োগ কয়েক দিন পিছিয়ে গেছে। নতুন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
এর আগে কখনো এত দিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ শূন্য থাকেনি। ২০১০ সালের ২৫ মার্চ এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ পান বিচারপতি নিজামুল হক। তবে বেলজিয়ামপ্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার পর ২০১২ সালের ১১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। এর এক দিন পরই ১৩ ডিসেম্বর বিচারপতি এ টি এম ফজলে কবীরকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে সরকার।
গতকাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন বলেন, ‘বেশ কয়েক দিন ধরে একটি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নেই, এখনো নিয়োগ দেওয়া হয়নি। গুজব শুনেছি, অনেক বিচারক আর ট্রাইব্যুনালে থাকতে চান না। অবিলম্বে যদি বিচারপতি নিয়োগ দেওয়া না হয়, তবে মনে হবে সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারে শৈথিল্য দেখাচ্ছে।’
ওই অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক এ প্রসঙ্গে বলেন, ‘যে ট্রাইব্যুনাল বসে আছে, আমি খুব শিগগির ওই ট্রাইব্যুনালের সমস্যা দূর করার চেষ্টা করব।’
চেয়ারম্যান না থাকায় ট্রাইব্যুনাল-১-এ সবচেয়ে বেশি দিন ধরে চলা নিজামীর বিরুদ্ধে মামলার রায় দীর্ঘসূত্রতায় পড়েছে। ২০১২ সালের ২৮ মে এই মামলায় অভিযোগ গঠনের পর দেড় বছর ধরে সাক্ষ্য গ্রহণ চলে। গত বছরের ১৩ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। একই দিনে (২০১২ সালের ২৮ মে) ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছিল। ট্রাইব্যুনাল-২ ওই মামলায় কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন গত বছরের ৫ ফেব্রুয়ারি। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল নিষ্পত্তি শেষে ওই বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে গত ১২ ডিসেম্বর।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ট্রাইব্যুনাল-১-এ নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা না হলে নিজামীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সম্ভব নয়। কারণ আইন অনুসারে রায় ঘোষণা করতে তিন সদস্যের পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল লাগবে। এ ছাড়া নতুন চেয়ারম্যান নিয়োগের সঙ্গে সঙ্গে এই রায় ঘোষণা নাও হতে পারে।
ট্রাইব্যুনালের আইনে বলা আছে, ট্রাইব্যুনালের কাঠামোগত পরিবর্তন হলেও কোনো মামলা পুরাতন কাঠামোয় সর্বশেষ যে অবস্থায় ছিল, নতুন কাঠামোতে সর্বশেষ অবস্থা থেকে চলতে কোনো বাধা থাকবে না। তবে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় আবার যুক্তি উপস্থাপন হয়েছিল। ২০১২ সালের ৬ ডিসেম্বর ওই রায় অপেক্ষাধীন রেখেছিলেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তৎকালীন ট্রাইব্যুনাল। ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন পুনর্গঠিত ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে সাঈদীর বিরুদ্ধে মামলায় আবার দুই পক্ষকে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। আরও এক মাস যুক্তি উপস্থাপনের পর ২০১৩ সালের ২৯ জানুয়ারি আবার রায় অপেক্ষমাণ রাখা হয়। নিজামীর বিরুদ্ধে মামলায়ও পুনর্গঠিত ট্রাইব্যুনালের একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাইব্যুনাল-১ এ পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা করেছেন। রায় অপেক্ষাধীন থাকা নিজামীর বিরুদ্ধে মামলাটি বাদে আরও চারটি মামলা এই ট্রাইব্যুনালে বিচারাধীন। এর মধ্যে জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহান ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা দুটি সাক্ষ্য গ্রহণের প্রাথমিক পর্যায়ে আছে। বিএনপির নেতা ও ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা যুক্তি উপস্থাপন পর্যায়ে আছে।
এই ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাঈদীর মামলায় আপিল বিভাগে শুনানি চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল হয়েছে।