ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর হলো তিনটি মামলা
মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলা নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ-সংক্রান্ত আদেশ দেন।যে তিনটি মামলা স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো: জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা।ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এ তিনটি মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদনের শুনানি করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১এ ধারা অনুসারে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্থানান্তরের আরজি জানান। রাষ্ট্রপক্ষ গত রোববার মামলা স্থানান্তরের এ আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আইন সংশোধন করে এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে, কিন্তু এ ক্ষেত্রে আসামিপক্ষকে কোনো অধিকার দেওয়া হয়নি। দুই ট্রাইব্যুনালের মধ্যে সমন্বয়ের কোনো ব্যবস্থা নেই। ট্রাইব্যুনাল-২ যদি স্থানান্তরিত মামলা আবারও ট্রাইব্যুনাল-১-এ ফেরত পাঠান, সে ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বর্তমানে এই ট্রাইব্যুনালে আটটি মামলা নিষ্পত্তির জন্য আছে এবং এ জন্য বেশ সময় লাগছে। এ কারণে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদন মঞ্জুর করা হলো। মামলা স্থানান্তরের বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই আদেশের ফলে ট্রাইব্যুনাল-১-এ নিষ্পত্তির জন্য পাঁচটি মামলা থাকল।সাকা চৌধুরীর দুই আবেদনের আদেশ ২৪ এপ্রিল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দুটি আবেদনের বিষয়ে আদেশের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার (রিকল) ও সম্পাদনা (এডিট) চেয়ে আবেদনের শুনানি হয়। সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম শুনানিতে বলেন, অভিযোগ গঠনের আদেশের সময় ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলেন তিনি দোষী না নির্দোষ। ওই সময় তিনি বলেছিলেন, না পড়ে বলতে পারবেন না। কিন্তু আদেশের প্রত্যয়িত অনুলিপিতে লেখা আছে ‘আমি নির্দোষ।’ রোববার তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি হয়।নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের পরবর্তী শুনানি ২৪ এপ্রিল: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় গতকাল অভিযোগ গঠনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, এ পর্যন্ত পৃথিবীতে সাতটি যুদ্ধাপরাধের বিচারের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই যুদ্ধ চলাকালীন বা শেষ হওয়ার পরমুহূর্তে বিচার শুরু হয়েছে। ৪০ বছর পর বিচারের নজির নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই বিচার-প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।