ট্রাইব্যুনালকে গতিশীল করতে দুই সংগঠনের নয় দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ‘অর্থবহ ও গতিশীল’ করতে সাত মন্ত্রণালয়ে নয় দফা সুপারিশ পাঠিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ। গতকাল বুধবার সংগঠন দুটি ট্রাইব্যুনালের আইনজীবী ও তদন্ত সংস্থার কাছে যুদ্ধাপরাধের দায়ে গণ-আদালতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায় ও গণতদন্ত কমিশনের তৈরি ১৬ ‘যুদ্ধ অপরাধীর’ তালিকা জমা দেয় ।নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এদিন সংগঠন দুটির পক্ষ থেকে আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও পূর্ত প্রতিমন্ত্রীর কাছে নয় দফা সুপারিশ পাঠানো হয়। এতে ট্রাইব্যুনালের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি কমপক্ষে ২৫ জন করে তদন্ত কর্মকর্তা ও আইনজীবী নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত তিন বছরে একাত্তরের ঘটনা নিয়ে দায়ের করা মামলার নথিপত্র পর্যালোচনা করে আমলযোগ্য মামলাগুলো ট্রাইব্যুনালে আনার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, ‘অর্পিত দায়িত্ব পালনে আমরা এগিয়ে যাচ্ছি। সংস্থার আইনগত কোনো সীমাবদ্ধতা নেই। দেশে-বিদেশে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তদন্ত শুরু হয়নি। গণতদন্ত কমিশনের প্রতিবেদনে তিনজনের বিরুদ্ধে যথেষ্ট তথ্য রয়েছে।