ট্রাইব্যুনালকে দেশের বাইরে নিতে চায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ভূখণ্ডের বাইরে কোথাও নতুন করে গঠন করার পদক্ষেপ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গত রোববার এক বিবৃতিতে এ দাবি জানান। বিষয়টি জরুরি এজেন্ডা হিসেবে আগামী মার্চের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তুলে ধরা উচিত বলেও মনে করে জামায়াত। এ দাবির পক্ষে দলটির যুক্তি হচ্ছে, ‘যাতে এ বিচার স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক মহল বিচারিক প্রক্রিয়া নিয়মিতভাবে তত্ত্ব্বাবধান করার সুযোগ পায়।’ ‘জামায়াত ও হেফাজতে ইসলামকে অগণতান্ত্রিক শক্তি হিসেবে আখ্যায়িত করে সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী করে’ ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে যেকোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার।