ট্রাইব্যুনালকে সহায়তা করতে সহায়ক মঞ্চ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এর নাম রাখা হয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ’। দেশ-বিদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, বিচারক, ইতিহাসবিদ ও মানবাধিকার কর্মীরা আছেন এই মঞ্চে।গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্মূল কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে নির্মূল কমিটির ২০১০-১১ সালের জন্য গঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়। আগামী এক বছর নির্মূল কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি থাকবেন লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর। উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে। উপদেষ্টা কমিটিতে আরও আছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক ও আইন বিশারদেরা।সহায়ক মঞ্চে যাঁরা আছেন: সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতার পাশাপাশি বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অবদান রাখবে। এই মঞ্চে অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের বিচারপতি গোলাম রাব্বানী, বিচারপতি এ কে বদরুল হক, বিচারপতি এবাদুল হক, বিচারপতি আওলাদ আলী, ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া, অধ্যাপক মুনতাসীর মামুন, কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন, যুক্তরাষ্ট্রের আইনজীবী টমাস কিটিং ও এ বি এম নাসির, যুক্তরাজ্যের আইনজীবী নোরা শরিফ, ও ক্রিস ব্ল্যাকবার্ন, ফ্রান্সের মনিক সেলিম, নেদারল্যান্ডসের পিটার কাস্টার্স, রাশিয়ার ইতিহাসবিদ ম্যাক্সিম দুবায়েভ, মিশরের আইনজীবী ইব্রাহিম এসামলালী, আলজেরিয়ার আইনজীবী মাহম্মদ বেনতিম, ভারতের আইনজীবী জীতেন্দ্র শর্মা, অধ্যাপক জয়ন্ত কুমার রায়, পাকিস্তানের আইনজীবী জাফর মালিক, মানবাধিকার কর্মী আহমদ সালিম, নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার দামান ধুঙ্গানা প্রমুখ।জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ গঠনের কথা জানান। সহায়ক মঞ্চ কী করবে—জানতে চাইলে শাহরিয়ার কবীর বলেন, ‘ট্রাইব্যুনাল যদি কোনো আইনের ব্যাখ্যা বা অন্য কোনো বিষয়ে সহযোগিতা চান, তাহলে আমরা (মঞ্চ) সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে আমাদের কাছে সহযোগিতা চাইতে হবে।’ শাহরিয়ার কবীর বলেন, তাঁরা গত ১৮ বছর ধরে যুদ্ধাপরাধ-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন। এ কারণে আইনি বিষয়গুলোর দিক থেকে তাঁদের প্রস্তুতি ভালো। ট্রাইব্যুনালকে তাঁরা সহজেই আইনি বিষয়ে সহযোগিতা করতে পারেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রাইব্যুনাল সম্প্রতি খুলনার একটি বধ্যভূমি পরিদর্শন করেছেন। এ বিষয়ে সহায়ক মঞ্চ ট্রাইব্যুনালকে সহযোগিতা করেছে।নতুন কমিটি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২০১০-১১ সালের জন্য ঘোষিত উপদেষ্টা কমিটির মধ্যে আছেন: সংগীতশিল্পী কলিম শরাফী, সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীন, লেখক সৈয়দ শামসুল হক, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক অজয় রায়, কথাশিল্পী হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, বিচারপতি এ কে বদরুল হক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী নূরুন নবী।কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন: অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সৈয়দ শাফিকুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মুকুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বায়েজিদ আককাস। এ ছাড়া পাঁচজন সহসাধারণ সম্পাদক এবং চারজন সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোট ১৯ জন। তাঁদের মধ্যে আছেন: শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপক মাহফুজা খানম, গোলাম মোহাম্মদ প্রমুখ।