ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনের খসড়া মন্ত্রিসভায় উঠবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে সংশোধনী হচ্ছে তা মন্ত্রিসভায় উত্থাপনের জন্য অপেক্ষা করছি। এ জন্য সময় চাওয়া হয়েছে।’
যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে. র্যা প গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তবে সংশোধনীতে কী থাকছে এবং কবে এটি মন্ত্রিসভায় উঠবে, এ ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানায়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনকে নিষিদ্ধ এবং ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় বিদ্যমান আইনের ১০টি ধারায় সংশোধনের প্রস্তাব রয়েছে।
এই সংশোধনী হলে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচারের বাধা দূর হবে বলে মনে করছেন বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা। সংগঠনটির বিরুদ্ধে ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রস্তুতি শেষ পর্যায়ে এসে থেমে আছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যদণ্ডের বিষয়ে স্টিফেন র্যা পের মনোভাবসংক্রান্ত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ বিষয়ে তাঁদের মনোভাব আগের চেয়ে নমনীয় হয়েছে বলে তাঁর কাছে মনে হয়েছে । উনি (স্টিফেন র্যা প) এ নিয়ে পাঁচবার এসেছেন। উনার মতের যথেষ্ট পরিবর্তন হয়েছে। ট্রাইব্যুনালের বিষয়ে আগের ধারণার বিরাট পরিবর্তন হয়েছে। সার্বিকভাবেই পরিবর্তন হচ্ছে। ট্রাইব্যুনাল যা করছে তাতে তাঁরা সন্তুষ্ট।
বিচারপতিদের অভিশংসনক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশে এ ক্ষমতাটি সংসদের হাতে রয়েছে। বাংলাদেশে এটি হলে অমূলক ও অবান্তর কিছু হবে না। ১৯৭২ সালের সংবিধানেও এটা ছিল।