ট্রাইব্যুনালে জামায়াত ও শিবিরের হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে বাধা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ আশঙ্কার কথা জানানো হয়।কমিটি সম্ভাব্য হামলা ঠেকাতে ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বলেছে।বৈঠক শেষে কমিটির সভাপতি ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, সম্প্রতি জামায়াত-শিবির যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে, তার মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল করা। কমিটি আশঙ্কা করছে, বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালেও তারা হামলা চালাতে পারে।ছায়েদুল হক জানান, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আশঙ্কায় ইতিমধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু কমিটি মনে করে, নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়।কমিটির সদস্য মুজিবুল হক জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাসার দারোয়ান এনামুলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার না করায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। কমিটি এনামুলকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে র্যা বের পক্ষ থেকে বলা হয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এনামুলের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে। এনামুলকে গ্রেপ্তারের জন্য গুপ্তচর নিয়োগ দেওয়া হয়েছে। কমিটি আগামী বৈঠকে সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছে।ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক, মো. মুজিবুল হক, সানজিদা খানম ও সফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যা বের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।